পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। গুরুত্বপূর্ণ দুই খনিজ পদার্থ গ্যালিয়ম ও জার্মেইনিয়াম রপ্তানি সীমিত করার পর এবার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে খনিজ ধাতু গ্রাফাইট রপ্তানিও সীমিত করছে দেশটি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কিছু গ্রাফাইট পণ্যের জন্য আলাদা রপ্তানি অনুমতির প্রয়োজন হবে। চীনের এই সিদ্ধান্তের প্রভাব বৈদ্যুতিক গাড়ির বাজারে পড়বে বলে মনে করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুসারে, চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের ৬৭ শতাংশ সরবরাহ আসে চীন থেকে। চীনের গ্রাফাইটের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া।
অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য প্রয়োজনীয় গ্রাফাইট পরিশোধনের মাধ্যমে ৯০ শতাংশের বেশি সরবরাহ করে থাকে দেশটি।
বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি খনিজ হচ্ছে গ্রাফাইট। ইভির ব্যাটারিতে (অ্যানোডে) গ্রাফাইট ব্যবহার করা হয়। ইভি ছাড়াও সেমিকন্ডাক্টর, মহাকাশ, রাসায়নিক ও ইস্পাতশিল্পে গ্রাফাইটের ব্যবহার রয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বিশ্বব্যাপী গ্রাফাইটের সরবরাহব্যবস্থা, শিল্প শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে আরো ভালোভাবে সুরক্ষিত করার জন্য গ্রাফাইট রপ্তানির বিষয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এটা করা হয়নি।
এমন একসময় চীন গ্রাফাইট রপ্তানিতে বিধিনিষেধ দিল, যখন অনেক দেশ (মূলত পশ্চিমা দেশগুলো) চীনা কম্পানিগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। যেমন—চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর সম্প্রতি শুল্ক আরোপের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহের শুরুতে চীনা কম্পানিগুলোর কাছে সেমিকন্ডাক্টর সরবরাহের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আওতা আরো বাড়িয়েছে। বিশেষ করে শীর্ষ চিপ প্রস্তুতকারক কম্পানি এনভিডিয়ার তৈরি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : রয়টার্স, সিএনবিসি ও সিএনএন


