তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব

তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে সোমবার এ অর্থ জমা দেওয়া হয়েছে। বিষয়টিকে তুরস্ক ও তুর্কি জনগণের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক বন্ধনের প্রমাণ বলে অভিহিত করেছে সৌদি আরব।

সৌদি উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আকীল আল-খতিব ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভিসোগলু

আজ বিকেলে এক বার্তায় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের পক্ষে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার জমা দেওয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুযায়ী সৌদি পর্যটনমন্ত্রী ও সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) পর্ষদ চেয়ারম্যান আহমেদ আকীল আল-খতিব তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভিসোগলুর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছেন।

সৌদি সরকারের পক্ষে এ অর্থ জমাদান সৌদি আরবের সঙ্গে তুরস্ক ও ভ্রাতৃপ্রতীম তুর্কি জনগণের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ঐতিহাসিক বন্ধনের প্রমাণ বলে বার্তায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে এপি’র খবরে বলা হয়েছে, সৌদি আরবের এ অর্থ দেওয়া থেকে প্রমাণ হয় বেশ কয়েক বছরের টানাপড়েনের পর তুরস্কের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে কতটা উন্নতি হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগীকে হত্যার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর আগে কাতারের বিরুদ্ধে সৌদি আরব, বাহরাইন, মিশর ও আরব আমিরাতের অবরোধের সময়ও তুরস্ক কাতারের পক্ষে দাঁড়িয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দেওয়া অর্থ তুরস্ক কিভাবে ব্যয় করবে এবং সৌদি সরকার এ অর্থ কখনো ফেরত নেবে কিনা এসপিএ সে বিষয়ে কিছু বলেনি। তবে এ ৫০০ কোটি ডলার নিঃসন্দেহে তুর্কি মুদ্রা লিরার অবমূল্যায়ন ঠেকাতে সহায়ক হবে এবং ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কি অর্থনীতিকেও সমর্থন দেবে। পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অবস্থানকেও আরও মজবুত করবে।

সৌদি আরবের এ পদক্ষেপের প্রশংসা করে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি বলেছে, এর মাধ্যমে তুর্কি জনগণের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থন এবং তুর্কি অর্থনীতির ওপর রিয়াদের আস্থার প্রতিফলন ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *