পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কে প্রায় ২৩০ বছরের পুরনো ‘রশিদ আফেন্দি মানুস্ক্রিপ্ট লাইব্রেরি’তে বিশেষ ব্যবস্থাপনায় ২২৩ বছরের পুরাতন বইয়ের পান্ডুলিপিসমূহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, ১৭৯০ সালে তুরস্কের বর্তমান কায়সারী প্রদেশে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়। এই লাইব্রেরিতে বর্তমানে মোট ৮৫২০ টি গ্রন্থ রয়েছে। এতে ধর্মতত্ত্ব, সাহিত্য, ইতিহাস, ভূগোলসহ বিভিন্ন বিষয়ের উপর আরবী ও ফার্সি ভাষায় রচিত হাতে লেখা বহু পান্ডুলিপি সংরক্ষিত আছে।
এই মূল্যবান পান্ডুলিপিগুলোর কারনে লাইব্রেরিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ পান্ডুলিপিগুলো লাইব্রেরিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়েছে।
লাইব্রেরির নিয়মিত পাঠক অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ কারাআরসালান জানান, রশিদ আফেন্দি ওসমানী যুগের একজন খ্যাতিমান আমলা। তিনি তার নিজের শহর কায়সারীতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি বলেন, ইবরাহীম মুতেফেরিকা প্রিন্টিং হাউস থেকে এই গ্রন্থাগারের পুরাতন পান্ডুলিপিসমূহ এসেছে।
ওসমানী ইতিহাসে ইবরাহীম মুতেফেরিকা এক প্রখ্যাত ব্যক্তি, যিনি ওসমানী সাম্রাজ্যে আরবী হরফ ব্যবহার করে প্রথম প্রিন্টিং প্রেসের প্রচলন করেন।


