পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মা ইলিশ রক্ষায় অভিযানে ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ অক্টোবর) রাতে তেতুলিয়া নদীর গঙ্গাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
এ সময় সব জেলে পালিয়ে গেলেও একটি ট্রলারসহ শাকিল নামের এক জেলেকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালায়। এ সময় দুটি ট্রলারে ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়। তাদের আটক করতে গেলে অভিযানকারী দলের ওপর হামলা চালায়।
আক্রমণে পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) হেলালের কাঁধে বৈঠার আঘাত লাগে ও একজন কনস্টেবলের আঙুল ফেটে যায়।
এ ঘটনায় শাকিল নামে এক জেলেকে আটক করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়।
জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে একজন আসামির নাম উল্লেখ ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিয়মিত মামলায় আটক আসামিকে চালান করা হবে।


