শীত মৌসুমে জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

শীত মৌসুমে জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন শীত মৌসুম থেকে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসন্ন শীত মৌসুম নভেম্বর—ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

সেখানে আরও বলা হয়, ইতিপূর্বে বিদ্যুতের ব্যবহার ২৫% কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল। উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Related Articles