থার্টি ফার্স্টে বার বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্টে বার বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইংরেজি নতুন বছর উপলক্ষে ‘থার্টি ফাস্ট’ উদযাপনের রাতে ঢাকায় সকল বার বন্ধ থাকবে। একইসঙ্গে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনও নিষিদ্ধ।

বুধবার সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর বিকেল থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে এবং পরের দিন ভোর ৫টা পর্যন্ত কোন লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও কেউ বহন বা প্রদর্শন করতে পারবেন না। থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না। তবে ইনডোরে হোটেল বা যার যার বাসাবাড়িতে যারা অনুষ্ঠান করতে চান তারা করতে পারবেন। সেখানে যদি নিরাপত্তার প্রয়োজন হয় আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে নিরাপত্তা দেবে।

আসাদুজ্জামান খান বলেন, থার্টি ফার্স্ট নাইটে গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। বহিরাগত প্রবেশ আমরা নিয়ন্ত্রণে রাখব। তিনি বলেন, ঢাকা শহরে ৭৫টিসহ সারাদেশের চার্চগুলোতে বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। রাজধানীর ৭৫টি চার্চে পাঁচ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে হামলাকারী আকায়েদের বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানিয়েছেন তিনি।

গত সোমবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়। ওই বিস্ফোরণের পর শরীরে নিম্ন-প্রযুক্তির একটি বোমা বাঁধা অবস্থায় আকায়েদ উল্লাহকে আটক করা হয় বলে দাবি করে দেশটির পুলিশ। আকায়েদ ব্রুকলিন এলাকার বাসিন্দা বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়। আকায়েদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *