পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চার দিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
শনিবার নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাত শুরু হয়।
গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে। নিহতদের মধ্যে ৫১ জনই নুয়ের সম্প্রদায়ের, মুরলে সম্প্রদায়ের মাত্র ৫ জন।
২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। দেশটিতে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে সংঘর্ষ চলে আসছে।
কেলাং জানান, নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র তরুণরা শনিবার গুমুরুক ও লিকুয়াংগোলে এলাকায় মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে সংঘাতের সূচনা হয়।


