দাম বেড়েছে চামড়ার

দাম বেড়েছে চামড়ার

দাম বেড়েছে চামড়ার

পাথেয় টোয়োন্টিফোর ডটকম : ঈদে সাধারণ মানুষ পানি দরে চামড়া বিক্রি করলেও এখন বেড়েছে চামড়ার দাম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাট চাঙা হলেও মলিন মৌসুমি ব্যবসায়ীদের মুখ।

শনিবার (০৮ আগস্ট) ঈদ-পরবর্তী বড় হাটে দুই কোটি টাকার চামড়া বেচাকেনা হলেও তাতে চালান বাঁচেনি ক্ষুদ্র ব্যবসায়ীদের। কারণ হিসেবে তারা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কিনেও হাটে দাম পাচ্ছেন না। পাইকারি ব্যবসায়ীরা যে দাম বলছেন, তা নির্ধারিত দামের চেয়ে কম। তবে কিছুটা বেড়েছে চামড়ার দাম।

যশোরের রাজারহাটে শনিবার বসেছিল ঈদ-পরবর্তী চামড়ার দ্বিতীয় হাট। মঙ্গলবার প্রথম চামড়ার হাট না জমলেও শনিবার ছিল জমজমাট। ট্যানারি প্রতিনিধি ও বাইরের ব্যাপারীদের সমাগম এবং চামড়ার সরবরাহও ছিল প্রচুর। বিক্রিও হয়েছে প্রায় সব চামড়া। হাটের ইজারাদারের হিসেবে এদিন প্রায় প্রায় ৫০ হাজার পশুর চামড়া বাজারে আসে। কেনাবেচা হয়েছে অন্তত দুই কোটি টাকার চামড়া।

রাজারহাটের ইজারাদার হাসানুজ্জামান হাসু বলেন, যশোরের রাজারহাটে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা চামড়া কেনাবেচা হয়। সপ্তাহে দুদিন মঙ্গল ও শনিবার চামড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। ঈদ-পরবর্তী দ্বিতীয় হাট শনিবার সকাল থেকেই ছিল ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক। এদিন প্রথম হাটের চেয়ে প্রায় দ্বিগুণ দামে চামড়া বিক্রি হয়েছে। দুপুর ১২টার মধ্যেই হাটে আসা প্রায় সব চামড়া বিক্রি হয়ে যায়।

তিনি আরও বলেন, হাটে প্রায় ৩৫ হাজার গরুর চামড়া উঠেছে। ছাগলের চামড়া এসেছিল প্রায় ১৫ হাজার। বাজার কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাসহ আমরা হিসাব করে দেখেছি প্রায় দুই কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে শনিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *