দারিদ্র্যের সম্মুখীন প্রায় ৭ কোটি মানুষ : জাতিসংঘ

দারিদ্র্যের সম্মুখীন প্রায় ৭ কোটি মানুষ : জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্যমতে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে প্রায় সাত কোটি ১০ লাখ মানুষ দারিদ্র্যের সম্মুখীন হয়েছে। যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বে দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রথম তিন মাসে আনুমানিক পাঁচ কোটি ১০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বিশ্বে দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।

যুদ্ধের কারণে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে প্রায় দুই কোটি মানুষের দৈনিক আয় দারিদ্র্যসীমার নিচে নেমেছে, অর্থাৎ তাদের দৈনিক আয় ৩ দশমিক ২০ ডলারের নিচে।
এদিকে কভিড-১৯ মহামারির কারণে গত বছর ১৬ কোটি ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এ সময় দৈনিক ২ দশমিক ১৫ ডলার আয় করা মানুষের সংখ্যা ৮ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা চরম দারিদ্র্যসীমা।

বিশ্বব্যাংকের অনুমান, চলতি বছরে এ সংখ্যা সাড়ে সাত কোটি থেকে সাড়ে ৯ কোটি বৃদ্ধি পাবে।

এ ছাড়াও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি দরিদ্রদের আরো আঘাত করবে বলে ধারণা করা হচ্ছে। নিম্ন আয়ের দেশগুলোতে বসবাস করা মানুষ দৈনিক আয়ের দুই-তৃতীয়াংশ খাদ্যের চাহিদা মেটাতে ব্যয় করবে বলে অনুমান করা হচ্ছে। এ হার উন্নত দেশগুলোতে এক-চতুর্থাংশে পৌঁছতে পারে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে চরম দারিদ্র্যসীমার নিচে থাকা জনসংখ্যার অর্ধেক দক্ষিণ এশিয়ায় বসবাস করে।

  • সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *