পাথেয় রিপোর্ট : দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী বাজারে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একটি ইজিবাইকের তিন যাত্রী। ২ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এককজন ইসমাইল হোসেন (৪০)। তিনি একই উপজেলার নারায়ণপুর গ্রামের মংলু মোহাম্মদের ছেলে। নিহত অপর জন হলেন ইজিবাইক চালক মিন্টু (১৮)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলই ইসমাইল মারা যান। এ সময় মাইক্রোবাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ওই ইজিবাইক চালক মিন্টুসহ (১৮)চার যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থা চালক মিন্টু মারা যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম জানান, এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা-নসিমন ট্রাকের সংঘর্ষে আহত শ্রমিক আসলাম হক (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২ জানুয়ারি বুধবার বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সপ্তাহে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসলাম ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামের আজাদ মালের বড় ছেলে।
পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের জয়নগরস্হ সলিমপুর মহাবিদ্যালয়ের সামনে অটোরিকশা-নসিমন ট্রাকের সংঘর্ষ হয়। এতে আসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার বিকেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সোমবার কাভার্ড ভ্যানের সঙ্গে ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সারোয়ার হোসেন (২৫) গুরুতর আহত হন। বেলা ১১টার দিকে ঝলমলিয়া এলাকার আজরাইলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সারোয়ারের বাড়ি চারঘাট উপজেলার ওমরগাড়ী গ্রামে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদের ভাষ্য, কাভার্ড ভ্যানটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রলিটি বিপরীত দিকে যাচ্ছিল। সারোয়ারকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


