পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের রাজধানী নয়া দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের কথা আমরা নিশ্চিত করছি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ভারত সরকারকে সহযোগিতা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি পুলিশ সন্ধ্যায় ইসরায়েলি দূতাবাসের পাশে একটি বিস্ফোরণের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছায়। তারা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি।


