পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৯ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার (১৬ জুলাই) ফ্রান্সে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইফেল টাওয়ার খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। সেখানে দিনে দর্শনার্থীর সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা প্রায় অর্ধেক কম।
আগামী বুধবার (২১ জুলাই) থেকে আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
৯ মাস বন্ধের পর আইফেল টাওয়ার যে দর্শনার্থীদের জন্য প্রস্তুত, সেই ঘোষণা দেওয়ার আগে পরিচালনার কাজে নিয়োজিত কর্মীরা নিরাপত্তাসংক্রান্ত চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা করেন।
নতুন পরিস্থিতিতে আইফেল টাওয়ার পরিদর্শনকারীদের অর্ধেকই ফ্রান্সের নাগরিক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সাধারণ সময়ের তুলনায় এখন ইতালি ও স্পেনের পর্যটকদের সংখ্যা বেশি থাকতে পারে।
দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় আইফেল টাওয়ারের পরিচালনাকারী কোম্পানিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। আয় না থাকলেও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ তাদের গুনতে হয়। ফলে তারা হিমশিম খায়।
২০২০ সালে আইফেল টাওয়ার থেকে আয় ৭৫ শতাংশ কমে ২ কোটি ৫০ লাখ ইউরো দাঁড়ায়। এ অবস্থায় পরিচালনাকারী কোম্পানি সরকারি সহায়তা চায়।


