ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ শুরুর বাকি আর মাত্র ৪ দিন। (বুধবার) সন্ধ্যা পর্যন্ত কঠোর ও নিবিড় অনুশীলনে ব্যস্ত ছিল টিম বাংলাদেশ। ঘরের মাঠে আট বছর পর ত্রিদেশীয় ক্রিকেট। তাতে ফেভারিটের তকমা নিয়ে নামবে মাশরাফির দল। সেই লক্ষ্যেই চলছে জোর প্রস্তুতি।
এদিকে টানা বেশ ক’দিন অনুশীলনের পর ক্রিকেটারদের দু’দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ক্রিকেটারদের ছুটি। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর সুজন জানান, ‘শনিবার দুপুর থেকে আবারও পুরোদমে শুরু হবে অনুশীলন। মূল আসরে নামার আগে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই এ দুই দিন বিশ্রাম দেওয়া হয়েছে।’
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে টপকে ফাইনাল খেলতেই নিজেদের তৈরি করে নিচ্ছেন মাশরাফি-তামিমরা। প্রথমে সপ্তাহ খানেক ফিটনেস অনুশীলন, তারপর ব্যাট-বলের অনুশীলন চলছে নিয়মিতই। খেলা হবে দিবা-রাত্রিতে। তবে পৌষ-মাঘের হিমশীতল আবহাওয়া কনকনে বাতাস ও ঘন কুয়াশা- এসবের সঙ্গে মানিয়ে নিতেই শেষ কয়েকদিন অনুশীলন হয়েছে পরন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত।


