দুদকে নতুন চেয়ারম্যানের যোগদান

দুদকে নতুন চেয়ারম্যানের যোগদান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক তাদের নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছালে কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার তাদের অভ্যর্থনা জানান।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, আমাদের নতুন চেয়ারম্যান এবং নতুন কমিশনার আজ দপ্তরে যোগদান করেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে গত ৩ মার্চ দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। একই দিনে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।

মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক চেয়ারম্যান পদে ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। আর জহুরুল হক দুদকের কমিশনার (তদন্ত) পদে এ এফ এম আমিনুল ইসলামের জায়গায় দায়িত্ব নিলেন।

কমিশনে অপর সদস্য হিসেবে রয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। তার মেয়াদ আছে ২০২৩ সালের জুলাই পর্যন্ত। আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: চলে গেলেন দুদক মহাপরিচালক মফিজুর রহমান ভুঞা

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়ার পর ২০১৯ সালের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।

১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *