ক্রীড়া ডেস্ক : আজ শনিবার (৪ জানুয়ারি) থেকে ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর বসছে। দেশের সদ্য সমাপ্ত একাদশ নির্বাচনের আমেজ ও সকল ধরনের শঙ্কা পেছনে ফেলে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় এই আসর। প্রথম দিনই মাঠে নামছে চারটি দল। রয়েছে দু’টি খেলা। দর্শকরাও মুখিয়ে আছে ম্যাচ গড়ানোর অপেক্ষায়।
বিপিএলের এবারের আসরে খেলছেন সব থেকে বেশি আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা। আর এই আসরকে ঘিরে ইতিমধ্যেই ঢাকায় বসেছে ক্রিকেট তারকাদের মেলা। গত বুধবার (২ জানুয়ারি) ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিট ওয়ার্নার। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল আসবেন উদ্বোধনের দিন অর্থাৎ আজ শনিবার। ইতিমধ্যে ঢাকায় এসেছেন তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ, ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, কার্লোস ব্র্যাথওয়েট, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড এবং সুনিল নারায়ন।
এছাড়া নিজেদের দলের সাথে যোগ দিয়েছেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, ব্রেন্ডন টেইলর, রিলে রুশো, সন্দ্বীপ লামিচানে, রায়ান টেন ডেসকাট, নাজিবুল্লাহ জাদরানসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। দিনের দ্বিতীয় খেলায় বিকেল ৫টা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। বিপিএলের এই ষষ্ঠ আসর চলবে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত।
তবে তরুণ এক অধিনায়কে সওয়ার হয়ে এবার বিপিএল-অভিযান শুরু করছে রাজশাহী কিংস। কাল রাজধানীর হাতিরঝিলের মুক্ত মঞ্চে বেশ ঘটা করে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে মাঠে, মাঠের বাইরে নানা ধরনের চাপ থাকে। সব চাপ সামলে মিরাজ পারবেন সফলভাবে নেতৃত্ব দিতে?
ল্যান্স ক্লুজনার ভীষণ আশাবাদী তাঁর তরুণ অধিনায়ককে নিয়ে। রাজশাহী কোচ মিরাজের মধ্যে ভবিষ্যতে বাংলাদেশ অধিনায়কের ছবি দেখছেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ও এখনো তরুণ। তবে সে আগেও অধিনায়কত্ব করেছে (বয়সভিত্তিক ক্রিকেটে)। এটা হচ্ছে তার জন্য আরেক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা ওর আশপাশে থাকবে। তারা ওকে সহায়তা করবে। অধিনায়ক হিসেবে নিজেকে পরিচিত করতে আমরা ওকে একটা প্ল্যাটফর্ম করে দিতে চাচ্ছি। কে বলতে পারে ভবিষ্যতে সে বাংলাদেশের অধিনায়কও হতে পারে।’


