পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুন আর ধর্ষণ ঘটনা একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। যেখানে খুন সেখানেই ধর্ষণও ঘটেছিল বলে তদন্তে বেরিয়ে আসে। এসবে দেশের কালপরিক্রমা কতটা ভয়াবহ রূপ ধারণ করে তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বলতে পারবে না। অসহনীয় এই খুন-ধষণের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বিকল্প কোনো কিছু নেই। প্রতিদিনই গণমাধ্যমে আসছে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার খবর। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারও করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই এই প্রবণতা রোধ করা যাচ্ছে না।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দুই স্কুলছাত্রীসহ পাঁচজনকে ধর্ষণ’ শীর্ষক খবরে বলা হয়েছে, কুড়িগ্রামের চিলমারী, জয়পুরহাটের ক্ষেতলাল, হবিগঞ্জের লাখাই, কুষ্টিয়া শহরে এক প্রতিবন্ধী তরুণী ও রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী মেম্বারকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে টাঙ্গাইল থেকে এক নারী চিলমারীতে আত্মীয়কে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। কুষ্টিয়ার তরুণী ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। রংপুরে ওঁরাও সম্প্রদায়ের দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। নওগাঁর ধামইরহাটে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে। কুড়িগ্রামের চিলমারীতে গণধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সামাজিক কাঠামো ভেতরে ভেতরে একেবারেই বদলে গেছে। এখানে অনুশাসন বলে কিছু নেই। ফলে একটি শ্রেণি গড়ে উঠেছে বা বেড়ে উঠেছে, যাদের কাছে মনুষ্যত্ব বা সামাজিক মূল্যবোধ বলে কিছু নেই। তা না হলে নুসরাত জাহান রাফি হত্যাকা-ের ঘটনাটি তাদের ভেতরেও ভীতির সঞ্চার করত। এ জঘন্য হত্যাকা-ের পর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনা থেকেও তারা কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। আর যেসব কারণে এটি সম্ভব হয়েছে, তার একটি হচ্ছে, তদন্ত ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা।
এই প্রক্রিয়াটি বদলে ফেলতে হবে। দ্রুততম সময়ে বিচার শেষ করে অভিযোগ প্রমাণ সাপেক্ষে দ- কার্যকর করতে হবে। সমাজে এমন এক বা একাধিক দৃষ্টান্ত স্থাপন করা গেলেই এ ধরনের অপরাধপ্রবণতা কমবে। একই সঙ্গে পিবিআইকে আরো শক্তিশালী ও তৎপর করতে হবে। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পিবিআইয়ের প্রশংসনীয় তৎপরতায় দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। এমন আরো অনেক দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। অন্যথায় সমাজ থেকে এ ধরনের অপরাধপ্রবণতা দূর করা সম্ভব হবে না। আমরা আশা করব, নারী নির্যাতন, বিশেষ করে যৌন নির্যাতন প্রতিরোধে সম্ভাব্য সব বিষয় বিবেচনায় নিয়েই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


