দেওবন্দকে ‘সন্ত্রাসীদের আতুর ঘর’ বললেন ভারতের মন্ত্রী; মুসলিম নেতাদের ক্ষোভ

দেওবন্দকে ‘সন্ত্রাসীদের আতুর ঘর’ বললেন ভারতের মন্ত্রী; মুসলিম নেতাদের ক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং উত্তর প্রদেশের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দকে সন্ত্রাসীদের আতুর ঘর বলে অভিহিত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুসলিম নেতারা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য সম্পর্কে সাহারানপুর লোকসভার এমপি হাজী ফজলুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য লজ্জাজনক! এর যত নিন্দাই করা হোক তা কম হবে। দেওবন্দ হল সেই জায়গা যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, এখানকার ওলামারা লাঠি খেয়েছিলেন, ফাঁসির দড়িকে চুম্বন করেছিলেন, কারাগারে বন্দি থেকেছেন এবং শহীদ হয়েছিলেন।’

তিনি বলেন, দারুল উলূম দেওবন্দের মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হুসেন আহমদ মাদানী এবং অন্য বুজুর্গরা মাল্টার কারাগারে কষ্ট সহ্য করেছিলেন। এখন দেওবন্দের বুজুর্গ ও ওলামাদের উপরে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।

বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের সমালোচনা করে তিনি বলেন, এদের নেতা স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে ব্রিটিশদের সহায়তা করেছিলেন এবং ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকবেন এবং এই প্রতিশ্রুতি দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। এছাড়া ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকবেন, ব্রিটিশ সরকারকে সহায়তা করবেন এবং হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষের প্রাচীর গড়ে তোলার কথা বলেছিলেন। সেই এজেন্ডা অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার পরে গিরিরাজ সিং, সংঘ পরিবার ও বিজেপির সাথে যুক্ত ব্যক্তিরা ওই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন।

সংসদ সদস্য হাজী ফজলুর রহমান বলেন, সন্ত্রাসী ঘটনায় দণ্ডিত সাধ্বী প্রজ্ঞাকে সংসদে প্রেরণের কাজ গিরিরাজ সিংয়ের দল বিজেপি করেছে। যার বিরুদ্ধে এখনও সন্ত্রাসবাদের অভিযোগে মামলা চলছে, এমতাবস্থায় যারা নিজেরাই কলঙ্কিত তাদের অন্যের দিকে আঙুল তোলার কোনও অধিকার নেই।

কংগ্রেস নেতা মিম আফজল বলেছেন, ‘গিরিরাজ গঙ্গোত্রীর সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেছেন। গঙ্গা এদেশের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। ফলে ওই মন্তব্য করে তিনি অন্যায় করেছেন।’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *