পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ মজলিসে শুরার অন্যতম সদস্য ও প্রসিদ্ধ আলেম কাজী মুফতি মানযুর আহমাদ মাজাহেরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ নভেম্বর) বা’দ আসর তাঁর ইন্তেকাল হয়।
মুফতি মানযুরের মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী দরসগাহে দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দু’আ করেন।
এদিকে মুফতি মানযুর আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি এবং দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী।
মাওলানা আরশাদ মাদানী বলেন, মুফতি সাহেবের মৃত্যুতে ভারতীয় মুসলমানদের অপুরণীয় ক্ষতি হয়ে গেলো! এর সাথে সাথে তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দু’আর আবেদন করেছেন।
মরহুমের জানাজা সোমবার সকাল ১০টায় কানপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


