দেশকে বিরোধীদলশূন্য করতে বেপরোয়া সরকার : ফখরুল

দেশকে বিরোধীদলশূন্য করতে বেপরোয়া সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশকে বিরোধীদলশূন্য করতে সরকার বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জনগণের ঘাড়ের ওপর জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। এটি নিশ্চিত করে বলা যায় মামলা-হামলা করে আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।

তিনি বলেন, সরকার দেশকে বিরোধীদলশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে সরকার। যে কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না।

মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি আসবে না। আমি অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *