পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল। এর মাধ্যমে সরকার দেশকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে।’
শনিবার (১৯ জুন) এক মানববন্ধনে এসব কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূটির আয়োজন করে শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরাম। এতে জাফরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে কিন্তু হল বন্ধ থাকবে। তাহলে শিক্ষার্থীরা কি মাঠে, নাকি মাটিতে থাকবে?
জাতীয় সংসদে পরীমনিকে নিয়ে আলোচনা হলেও শিক্ষা নিয়ে কোনো কথা হয় না উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই লজ্জা কোথায় রাখি? কীভাবে এই ভুলের সংশোধন হবে?
সরকার এই ভুলের সংশোধন করবে না মন্তব্য করে তিনি বলেন, তারা বিনা ভোটের, ভোট ডাকাতির সরকার। তাদের সব সিদ্ধান্ত ভুল হওয়াটাই স্বাভাবিক।
মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা ভালো করেই জানেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলে ক্যাম্পাসে বিরোধী দলীয় ছাত্ররা ডুকে পড়বে। সেখানে ছাত্রলীগ, ডিবির লোকেরা থাকতে পারবে না।
শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়ে বিরোধী প্রগতিশীল অনেক কিছু চাইবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র ভোট, শিক্ষা, ওষুধ ও টিকা চাইবে। করোনার বিরুদ্ধে ব্যবস্থা, গরিবের মুক্তি, অর্থ ও অন্ন চাইবে তারা। আমরা যতই বলি এসবে কিছু দিতে পারবে না বলেই সরকার কোনো দাবি মানবে না।


