পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতির পেছনে যার সবচেয়ে বেশী অবদান তিনি হলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আলেমগণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার এই চেয়ারম্যানকেও।
রংপুর জামিআ ইসলামিয়া ধনতোলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ বলেন, স্বীকৃতি বিষয়ে আমরা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের নেতৃত্বে দেশের সর্বত্র গণস্বাক্ষর সংগ্রহ, গণসংযোগ, স্বীকৃতি আন্দোলনে আলেমদের সম্পৃক্তকরণে ঝাঁপিয়ে পড়েছিলাম। উত্তরবঙ্গের আলেমগণ কখনোই আল্লামা মাসঊদের অবদানকে ভুলতে পারবে না। আল্লাহ তাআলা হযরতের হায়াত বাড়িয়ে দিন।
মানুষ অসুস্থ হয়ে কোমায় যেরকম চলে যায় স্বীকৃতি আন্দোলনও তেমনি কোমায় চলে গিয়েছিল দাবি করে রাজধানীর জামিআ আহলিয়া দারুল উলূমের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ বলেন, জমিয়তুল উলামার জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফাতওয়া প্রদান অনুষ্ঠানই ছিল টার্নিং পয়েন্ট। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাহুতুমের সুযোগ্য নেতৃত্বই আমাদেরকে স্বীকৃতি পাইয়ে দিয়েছে।
সিলেট উপশহরের জামিআ লুগাতিল আরাবিয়ার প্রিন্সপাল মাওলানা তহুরুল হক জকিগঞ্জী আল্লামা মাসঊদকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাম্প্রদায়িক বিশ্বগঠনে আল্লামা মাসঊদের যেমন বিকল্প নেই। তেমনি হযরত প্রমাণ করেছেন স্বীকৃতি আন্দোলন একটা সার্থকতা অর্জনের মাধ্যমে। দেশকে সমৃদ্ধ করতেই আল্লামা মাসঊদের হাতকে শক্তিশালী করতে হবে।
ফয়জিয়া মদীনাতুল উলূম দিনাজপুরের প্রিন্সিপাল মাওলানা আইয়ুব আনসারী বলেন, লক্ষ বাঁধা অতিক্রম করে কওমী সনদের স্বীকৃতি আদায়ের মত জাতীয় প্রত্যাশা পুরণে যার অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও কোরবানি, সে মহান ব্যক্তিত্ব, জাতীর অভিভাবক বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.কা. জানাই হৃদয়ের গভীর থেকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা।
এ ছাড়াও হযরতকে অভিনন্দন জানান, মৌলবীবাজার ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সুফিয়ান আহমদ, হবিগঞ্জ জামিআ মুতাহারিয়ার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদ আলী, হবিগঞ্জ দারুল ইয়াকিনের শিক্ষাসচিব মুফতি আনোয়ার আমীর, কিশোরগঞ্জ কুলিয়ারচর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবদুল কাইয়ুম খান বলেন, আমারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানাই। আল্লামা মাসঊদ দামাতবারাকাহুমের কারণেই আমরা স্বীকৃতি লাভে ধন্য হয়েছি।
কিশোরগঞ্জ জামিয়াতুল ইসলাহর প্রিন্সপাল মাওলানা সাঈদ নিজামী অভিনন্দন জানিয়ে বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একজনই। তিনি যেটাকে ধরেন সেটা আদায় করে ছাড়েন। আমরা হযরতের শুকরিয়া জ্ঞাপন করছি।

