দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

পাথেয় ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পাবনা, বগুড়া ও পটুয়াখালীতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে পাবনায় জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

পাবনা : পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাই আহাদ ও সামাদ এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। তাদের বয়স আড়াই বছর।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে তলিয়ে যায়। দুপুর ২টার দিকে পুকুরের পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে স্বজনরা। জমজ দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহ মিঠাগঞ্জ গ্রামের রফিক হাওলাদারের ছেলে।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রেফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ার পূর্ব বারাদীঘি গ্রামে বুধবার দুপুরে পুকুরে ডুবে সুমাইয়া নামে পৌণে ৩ বছর বয়সী শিশুকন্যা মারা গেছে। দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম ও স্বজনরা জানান, সুমাইয়া পূর্ব বারাদীঘি গ্রামের দর্জি   সোহাগ হোসেনের মেয়ে। বুধবার দুপুরে বাবা সোহাগ কাজে ও মা মাঠে ছাগল আনতে যান। মা বাড়িতে ফিরে দেখেন সুমাইয়া নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখা যায়। গ্রামবাসী উদ্ধার করে দেখেন শিশু সুমাইয়া মারা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *