পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে তিন বিভাগে অধিক পরিমাণে ও অন্য তিন বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৩ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ কথা জানান।
মো. ওমর ফারুক বলেন, “চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই তিন বিভাগে একটু বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই তিন বিভাগে কম বৃষ্টিপাত হতে পারে।”
এছাড়া, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।
তিনি জানান, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুই দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। তবে দুই দিন পর থেকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ আবহাওয়াবিদ আরও জানান, আপাতত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। তবে এখন বৃষ্টি হলেই সঙ্গে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে, যেটা অব্যাহত থাকবে। এছাড়া, বর্তমানে সাগরও শান্ত অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, ময়মনসিংহে ৪০, সীতাকুন্ড ৩৩, ফেনী ৩২, সন্দ্বীপে ২২ এবং নেত্রকোনা ও মাইজদীকোর্টে ২১ মিলিমিটার বৃষ্টি হয়। তবে এ সময় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিনে দেশে বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।


