দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের বিরুদ্ধে: নুর

দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের বিরুদ্ধে: নুর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব নির্বাচনের আগে যেভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে, নির্বাচনের পরও তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে স্পষ্টভাবে বলছে। এ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সংগঠন, পর্যবেক্ষকরা বলেছে, ৫ থেকে ৭ ভাগের বেশি ভোট পড়েনি। তার মানে ৯৫ ভাগ মানুষ এই সরকারকে সমর্থন করছে না, তারা সরকারের বিরুদ্ধে।

শুক্রবার পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে ‘ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় দিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সড়ক ঘুরে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়।

নুর বলেন, রাষ্ট্রের ২ হাজার কোটি টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনী উৎসব করার চেষ্টা করেছেন। কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণ এই সাজানো নির্বাচন বয়কট করেছে। বিদেশিরাও বলছে, হাজার হাজার বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার করে, জেলে ভরে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে। এ সংগ্রামে জনগণই জয়ী হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *