দেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে : রেজাউল করীম

দেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে : রেজাউল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে সকল তাগুতি শক্তিগুলো উঠে পড়ে লেগেছে। বিশেষ করে চরমোনাই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দেশের বড় দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপির জোট হওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা সৈয়দ জিয়াউল করিম সাহেবের বিপুল ভোটে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে ইসলামের গুরুত্ব বেড়েছে। ষড়যন্ত্রকারীরা চরমোনাই দরবার ও মাদরাসাগুলোকে ধ্বংসে কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত শোকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হওয়ায় চরমোনাইবাসী এ শোকরিয়া মাহফিলের আয়োজন করেন। ইসলামী আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী সভাগুলোতে সাধারণত: যার যার দলের কর্মকান্ড- তুলে ধরে থাকেন। কিন্তু চরমোনাই ইউনিয়নের নির্বাচনে বড় দু’টি দল আমাকে ব্যক্তিগতভাবে ঘায়েল করার চেষ্টা করেছে। আমি সবর করেছি।

পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই ইউনিয়ন নির্বাচন নিয়ে পুরো দেশে এমনকি প্রবাসেও জল্পনা কল্পনা হয়েছে, বাতিল শক্তির বিরোধীতার কারণে।

তিনি বলেন, নির্বাচনের নামে মূলত চরমোনাই ইউনিয়নে ভিন্ন খেলা শুরু করেছিল চক্রান্তকারীরা। মহান আল্লাহ পাক তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। এ কৃতিত্ব চরমোনাই ইউনিয়নবাসীর। তিনি বলেন, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আল্লাহ পাক সবদিক থেকে চরমোনাই দরবার, মাদরাসা, ইউনিয়নবাসীসহ পুরোদেশকে হেফাজত করুন।

মাহফিলে সভাপতির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি একজোট হয়েছে তাতে শঙ্কিত নই, শঙ্কিত ইসলাম ও দেশ নিয়ে। চরমোনাইতে যুব সমাজ ইসলামের পক্ষে ব্যাপক কাজ করেছেন। তিনি বলেন, মানুষ নামের কিছু মানুষ অমানুষদের পিছনে, মদজুয়ারীর পিছনে, ভন্ডদের পিছনে, লম্পটদের পিছনে ঘুরে হাতপাখা ঠেকাতে চেয়েছে। তিনি এসব মানুষ নামের অমানুষদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকরিয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, আল্লামা নূরুল হুদা ফয়েজী, নবনির্বাচিত চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ জিয়াউল করীম, মাওলানা সৈয়দ কাওছার আহমদসহ চরমোনাই ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন নেতৃবৃন্দ, চরমোনাই ইউনিয়নের হিন্দুনেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *