দেশে এলপিজির দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ

দেশে এলপিজির দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হলো আরও একবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কমিয়ে প্রতি কেজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে ৯৮.১৭ টাকা।

সোমবার (০২ জানুয়ারি) অনলাইন সংবাদ সম্মেলনে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় নতুন বছরের শুরুতেই বাংলাদেশেও এলপিজি, অটোগ্যাস আর রেটিকুলেটেড এলপিজির দাম কমানো হয়েছে।

নতুন এই মূল্য তালিকায় দেশের বাজারে এলপিজির দাম কেজিপ্রতি ১০২.৩২ টাকা থেকে কমিয়ে ৯৮.১৭ টাকা করা হয়েছে। যার ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ১৫০ টাকা কমে ১ হাজার ৭৮ টাকা হয়েছে।

পরিবহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৫৭.২৪ টাকা থেকে ২.৩০ টাকা কমিয়ে ৫৪.৯৪ টাকা করা হয়েছে। আর বাসাবড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড এলপিজির দাম ৯৯.০৮ টাকা থেকে কমিয়ে ৯৪.৯৪ টাকা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬ টা থেকেই উক্ত তিন ধরনের গ্যাসের নতুন নির্ধারিত এই মূল্যমান কার্যকরী হবে।

দাম কমানো নিয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়, জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম আগের চেয়ে কমে যথাক্রমে টন প্রতি ৭৪০ ও ৭১০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই দেশের বাজারেও এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *