দেশে এসেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

দেশে এসেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত। সেই উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছেছে। বেনাপোল বন্দর সূত্রে আজ শনিবার (৭ আগস্ট) এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম। তিনি জানান, আজ শনিবার (৭ আগস্ট) সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্সগুলো। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজই এগুলো ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এ বছর বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন তিনি। সেই প্রতিশ্রুতির ৩০টি অ্যাম্বুলেন্স আজ শনিবার বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর সেগুলো আজই ঢাকার উদ্দেশে রওনা হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে গত ২১ মার্চ ভারত সরকারের ঘোষিত উপহারের প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়। অ্যাম্বুলেন্সগুলোতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। এই উপহার বাংলাদেশের জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *