পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল চলতি বছরের ১১ মার্চ। সেদিন ৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এছাড়া গত একদিনে পরিসংখ্যান থেকে দেখা যায় নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে।
একই সময়ে নতুন করে ৬৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
গত এক দিনে ২৩ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৩০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়া মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।


