পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি নানা বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কানাডার উদ্দ্যেশে ঢাকা ছাড়েন।
এর আগে ফ্লাইট ধরতে রাত ৯টা ২৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং ফ্লাইট ছাড়া পর্যন্ত সেখানে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন বলে জানা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা মাহির সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত সোমবার, ৬ ডিসেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার, ৭ ডিসেম্বর, পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।
শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা যায়, কানাডার টরন্টোতে যাওয়ার উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে উঠেন ডা. মুরাদ হাসান। আবার এমন তথ্যও পাওয়া যায় যে, তিনি একাধিক ফ্লাইটের টিকিট বুকিং দিয়েছেন। ফ্লাইট ধরতে রাত ৯টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান।
এদিকে, বৃহস্পতিবার মুরাদ হাসানের বিদেশ যাওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ের নিজ দপ্তরে বলেন, এ সম্পর্কে তিনি জানেন না। তিনি বিদেশ যাবেন কি না- সেটা তার ব্যাপার। এ বিষয়ে কিছু বলতে পারছি না। তার বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


