পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি)।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট প্রকাশ হওয়ার পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে বুধবার (১০ জানুয়ারি)।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হলেও পরে একটিতে বাতিল করা হয়। ভোটগ্রহণ শেষে ২৯৮ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ বিজয়ী হয় ২২২টি আসনে, স্বতন্ত্র বিজয়ী হয় ৬২টিতে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জয়ী হয় একটি আসনে।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেন শেখ হাসিনা।


