পাথেয় রিপোর্ট : ইসলাম ও দ্বীনের দাওয়াত নিয়ে নবীন আলেমদের দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম, হেফাজতে ইসলামের আমির, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দাওরায়ে হাদিস সমাপনী শিক্ষার্থীদের উদ্দেশ করে হেফাজতে ইসলামের আমির বলেন, তোমরা দাওরায়ে হাদিস শেষ করেছ। তোমাদের ওপর উম্মতের পুরো জিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সঙ্গে কখনো আপস করবে না। সব সময় সত্যের পথে অবিচল থাকবে।
খতমে বুখারি অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে নসিহত করে আল্লামা শফী বলেন, পরকালীন মুক্তি একমাত্র নবীজির আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।
তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মনমতো আমরা ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।
খতমে বুখারি শেষ দরস প্রদান করে তিনি দেশের সব মানুষের শান্তি ও সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমের জালিমের জুলুম থেকে হেফাজতের দুআ করেন। সেই সঙ্গে বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীর ঐতিহ্যবাহী প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশের পবিত্র বুখারী শরীফের শেষ দরস অনুষ্ঠিত হয়েছে। পবিত্র খতমে বুখারী শরীফের শেষ দারস প্রদান করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) এশারের নামাজের পর রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে খতমে বুখারী পরিচালনা করেন তিনি। দারস শেষে সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে গভীর মোনাজাতও করেছেন সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বুখারী শরীফের শেষ দরস প্রদানের করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছিলেন, হাদীস শরীফের শিক্ষার্থীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন। আজকের এই মজলিস হাদীস শরীফের দরসের মজলিস। আজকে বুখারী শরীফের শেষ দরস প্রদান করা হয়েছে। মসজিদে উপস্থিত সবাই হাদীস শরীফের শিক্ষার্থী। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন। এটাই আপনাদের সৌভাগ্য, এটাই এই মজলিসের ফজিলত।
পা.টো.ড/আদিল

