ধর্মীয় মূল্যবোধ রক্ষার অন্যতম পুরোধা ছিলেন শেখ আব্দুল্লাহ
মাসউদুল কাদির :: শীর্ষ আলেমদের সঙ্গে সবধরনের আলোচনা করে দেশের ধর্মীয় মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে যিনি প্রয়াসী ছিলেন সবসময় সেই আলোকিত মানুষ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন পরপারে। মৃত্যুর পর পরীক্ষায় জানা গেছে তিনি ছিলেন করোনা পজেটিভ। প্রতিমন্ত্রীর একান্ত সহকারী জানায়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
একই দিনে দুজন দেশের গুণী ব্যক্তিকে হারিয়েছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একই দিনে পরপর দুজনের মৃত্যু খুবই কষ্টকর। আমাদের এই সংসদে বারবার শোক প্রস্তাব আনতে হচ্ছে। রোববার সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে সংসদে আনা একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন সংসদ সদস্য।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ গণমানুষের নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে সমর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ আবদুল্লাহ। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ছিলেন তিনি। ওই এলাকার উন্নয়ন কর্মকা- তিনিই তত্ত্বাবধান করতেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একাধিকবার ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মো. মতিউর রহমান এবং মাতা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। এরপর সুলতানশাহী কেকানিয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ৭ জানুয়ারি ২০১৯ সালে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সবচেয় বেশি সফল ছিলেন তিনি। একজন সহজ ও সরল রাজনীতিবিদ ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ইসলাম ও মুসলিম উম্মাহর এক অকৃত্রিম বন্ধুর দায়িত্ব পালন করেছেন । তিনি নিজে যেমন ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসায় পড়াশোনা করেছেন, তেমনি মসজিদ, মাদরাসা ও খানকার উন্নয়নে কাজ করেছেন। নিজেকে মুসলিম উম্মাহর যেকোন সেবায় নিয়োজিত করতে চাইতেন।
গত হজের সফরে সদ্য প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহ দেশের শীর্ষ আলেমদের প্রতি নিজের যে আবেগ, আন্তরিকতা, হৃদ্যতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা এর আগের কোন মন্ত্রী বা ধর্ম প্রতিমন্ত্রী দেখাতে পারেননি। আমার বার্তার পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।


