পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘ধর্ষণ এবং ধর্ষণের সহযোগিতা’র অভিযোগে ভিপি নুরের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। মোট ৬ জন আসামি ছিল ওই মামলার। এর মধ্যে নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
অব্যাহতি পাওয়া অপর ৩ আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। চার্জশিট তথা অভিযোগপত্র দেয়া হয়েছে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে।
সোমবার (১৪ জুন) এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ৪ জনকে অব্যাহতি এবং ২ জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
২০২০ সালের ২১ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একজন আবাসিক শিক্ষার্থী। মামলার পরপরই ভিপি নুর বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। এর প্রতিবাদে ওই সময় বিক্ষোভ মিছিলও বের করে ছাত্র অধিকার পরিষদ।


