নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটক (এন্ট্রি গেইট) মাটিতে ধসে পড়েছে। রোববার সকাল ৯টার দিকে হঠাৎ এটি ধসে পড়ে।
এ ঘটনায় পাশেই কর্মরত শ্রমিকসহ ৯জন আহত হয়েছেন। আহত শ্রমিকেরা হলেন মো. ইব্রাহিম (৪০), ফারুক হোসেন (২৫), মঈন উদ্দিন মিয়া (২২), মো. রবিউল (২০), ইউনুছ মিয়া (২৫), মেরাজ হোসেন (২৭), আবদুর রাজ্জাক (৩০), হারুন অর রশিদ (২৮) ও সিরাজুল ইসলাম (২৬)। এঁদের মধ্যে মো. ইব্রাহিম ও সিরাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘দেয়াল ধসের সংবাদ শুনেছি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ এপ্রিল কেরানীগঞ্জের নবনির্মিত এই কারাগারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে প্রায় ১৯৪ একর জায়গার উপর নির্মিত হয় এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম এই কারাগারটির ধারণক্ষমতা প্রায় পাঁচ হাজার। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল পৌনে নয়টার দিকে কারাগারের প্রবেশপথের ফটক নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ফটকের ছাদ ভেঙে পড়ে। এতে চাপা পড়েন শ্রমিকেরা। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিটের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। জানা গেছে, কারাগারের প্রবেশপথের ফটক নির্মাণকাজটির দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমতাজ ইঞ্জিনিয়ারিং। এ প্রতিষ্ঠানের মালিক মো. রনি।
মেসার্স মমতাজ ইঞ্জিনিয়ারিংয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাউছার বলেন, গত বৃহস্পতিবার ফটকের ছাদটি ঢালাই দেওয়া হয়েছিল। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তা ছাড়া নির্মাণকাজে উন্নত মানের টেকসই মালামাল ব্যবহার করা হয়েছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবীর চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত সাতজনকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে ফটকের ছাদ ভেঙে পড়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।


