নতুন রেকর্ড ছুঁলেন রোনালদো

নতুন রেকর্ড ছুঁলেন রোনালদো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একের পর এক রেকর্ড ছুঁয়ে সেটাকে ভেঙে চলেছেন রোনালদো। অ্যারন রামসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দিকের দুই গোলে স্বস্তির জয় পেয়েছে জুভেন্টাস। যদিও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলার পরও সাসুলোর বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল আন্দ্রেয়া পিরলোর দল। এমনকি প্রথমার্ধেও তেমন কোনো সুযোগ করতে পারেনি দলটি।

এই ম্যাচে এক গোল করে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। ফুটবলের ভুলতে যাওয়া এক কিংবদন্তির নাম জোসেফ বাইকান। ক্লাব ও জাতীয় দল মিলে যার সর্বোচ্চ গোলের রেকর্ড ৭৫৯টি। সেই অস্ট্রিয়ান তারকাকে এবার ছুঁয়েছেন রোনালদো। আর একটি গোল করলেই ইতিহাস হবে তার।

নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে সেরি আর ম্যাচটি ৩-১ গোলে জিতেছেন শিরোপাধারীরা। এ নিয়ে চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা জুভেন্টাস লিগে প্রথমবার টানা তিন ম্যাচ জিতল।

ম্যাচটায় শুরুতে ভুগতে হয়েছে জুভেন্টাসকে। প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে সম্ভাবনা তৈরি হয় সাসুলোর খেলোয়াড় পেড্রো ওবিয়াং বিরতির একটু আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

৪৫+১ মিনিটে কড়া ট্যাকলের ফল হিসেবে মাঠ ছেড়ে যান পেড্রো। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া সাসুলোকে চাপে ফেলা সহজ হয়ে যায় জুভেন্টাসের। গোল করেন ব্রাজিলিয়ান তারকা দানিলো। তবে আট মিনিট পর সমতা ফিরিয়ে ম্যাচে প্রাণ ফেরানোর চেষ্টা করে সাসুলো। গোল করেন ডেফরেল।

পয়েন্ট হারনোর শঙ্কায় পড়ে যায় জুভেন্টাস। খেলা ফেরান বদলি খেলোয়াড় রামসি। পুরো মৌসুমজুড়ে আসা-যাওয়ার মধ্যে থাকা এই তারকাই গোল করেন ৮২ মিনিটে। এরপর স্টপেজ টাইমে স্কোর ৩-১ করেন রোনালদো। এর সঙ্গে সঙ্গে ক্লাব ও দল মিলে গোল হয়ে যায় তার ৭৫৯টি।

জয়ের পর চারে উঠে গেছে জুভেন্টাস। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। তবে ১৭ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সাসুলো।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *