নতুন সিদ্ধান্ত: শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ

নতুন সিদ্ধান্ত: শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। এ ভাইরাসটির লাগাম টানতে সরকারের পক্ষ থেকে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে যত আসন তত যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, পরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। এর জন্য আমরা সরকারের কাছে সিট হিসেবে যাত্রী নিতে আবেদন জানাই। বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন- শনিবার থেকে গণপরিবহনের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

মালিক সমিতির মহাসচিব আরও বলেন, যেসব ড্রাইভার সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য আমাদের হেলপার ও চালকদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই। কোথাও কোনো তদারকি নেই। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, রক্ষা করছেন না সামাজিক দূরত্ব। জনসমাগম দেখলে সেদিকেই ছুটছে উৎসুক জনতা।

এ ব্যাপারে বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) (যুগ্মসচিব) মো. সরওয়ার আলম বাংলাদেশ জার্নালকে বলেন, বাসে যত সিট তত যাত্রী পরিবহনের সিদ্ধান্তের জন্য কেবিনেটে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমি যতটুকু জানি বিষয়টি পজিটিভ অবস্থানে আছে। তবে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়টি শতভাগ নিশ্চিত করব। আর যারা মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে। বাসমালিকরাও স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে কঠোর হবেন বলে আমাদের জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তা কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

সুত্র: বাংলাদেশ জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *