নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুঘটনায় ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এত মোটরসাইকেলের থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দু’জন বালুর ঘাটে কাজ করতেন। বাবুল ট্রাকের টাকা কালেকশন করে নবাবগঞ্জে ইজারাদারকে দিতে গিয়েছিলেন। টাকা দিয়ে ফেরার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, রাতেই খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *