নাগর্নো-কারাবাখ নিয়ে রাশিয়াকে ফোন করল তুরস্ক

নাগর্নো-কারাবাখ নিয়ে রাশিয়াকে ফোন করল তুরস্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্য এশিয়ার বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের চলমান সংঘর্ষ প্রসঙ্গে ফের মুখ খুলল তুরস্ক।

সোমবার (১২ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর। সেখানে তুরস্ক জানিয়েছে, নাগর্নো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড। আর্মেনিয়া সেখান থেকে সরে গেলেই দ্রুত শান্তি ফিরবে।

যুদ্ধের গোড়া থেকেই তুরস্ক আজারবাইজানকে সমর্থন করছিল। আর্মেনিয়ার অভিযোগ, তুরস্কের সামরিক বাহিনীও অস্ত্র এবং যুদ্ধবিমান দিয়ে আজারবাইজানকে সাহায্য করেছে।

এদিকে শনিবার (১০ অক্টোবর) রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও এখনো পর্যন্ত তাতে কোন লাভ হয়নি। আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগর্নো-কারাবাখ। যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মেলেনি। কারণ, দুইটি দেশই নিজেদের দাবিতে অনড়।

আজারবাইজানের বক্তব্য, আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ থেকে সরে না গেলে তারা যুদ্ধ বন্ধ করবে না। বস্তুত, শুক্রবার (০৯ অক্টোবর) মস্কোয় দশ ঘণ্টার শান্তি বৈঠকেও একই কথা বলেছিল আজারবাইজান। যুদ্ধবিরতিতে রাজি হলেও তা যে সাময়িক, সে কথা জানিয়ে দিয়েছিল তারা।

মাঠে চেয়ে বেশি লড়াই চলছে মুখে৷ দুই পক্ষই আশ্রয় নিচ্ছে বাগাড়ম্বরের৷ নিজেদের ছোঁড়া গোলায় সাধারণ মানুষ মারা গেলেও দুই পক্ষই অপর পক্ষকে দুষছে যুদ্ধের নিয়ম না মানার জন্য৷ হামলা নিয়ে দুই পক্ষের পালটা দাবিতে সংকট আরো বাড়ছে৷

শান্তি বৈঠকে একাধিকবার মধ্যস্থতার জন্য তুরস্কের নাম করেছিল আজারবাইজান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেই তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী কথা বলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে। এখনো পর্যন্ত রাশিয়াই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করছে। রাশিয়াকে তুরস্ক জানিয়ে দেয়, তারা আজারবাইজানের পক্ষে। এবং আর্মেনিয়ার সেনা নাগর্নো-কারাবাখ থেকে সরে গেলেই শান্তি ফিরে আসবে। অর্থাৎ, তুরস্ক বুঝিয়ে দিয়েছে, আজারবাইজানের দাবি না মানলে যুদ্ধ বন্ধ হবে না। এবং তারা আজারবাইজানকেই সমর্থন করবে।

স্বাভাবিক ভাবেই আর্মেনিয়া এ কথা মানতে চায়নি। রাশিয়াও তুরস্কের কথা মানতে পারেনি। কারণ, রাশিয়ার সমর্থন রয়েছে আর্মেনিয়ার দিকে।

এ দিকে ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়া ফের শান্তি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই বৈঠকে আরও কয়েকটি দেশকেও তারা ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু সেই বৈঠকে তুরস্ককে মূল মধ্যস্থতাকারী করার যে দাবি আজারবাইজান তুলেছে, অন্য দেশগুলি তা মানতে চায়নি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *