পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের ছুরিকাঘাতে ছেলে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নাজমুছ সাকিব নাবিল (২০)।
রোববার (৩০ মে) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা ৩ নাম্বার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ছেলেকে খুন করে মা নাছরিন আক্তার পালিয়ে গেছেন। নাবিল ডেমরার বক্সনগর এলাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের বাবা সগির আহমেদ জানায়, তিনি ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি তার কর্মস্থলে চলে যান। রাতে বাড়ি ফিরে বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ঘরে ঢুকলে ছেলেকে মেঝেতে পড়ে কাতরাতে দেখেন।
তিনি আরও বলেন, ছেলেকে দ্রুত নারায়ণগঞ্জ সাইবোর্ডের প্রো-এ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখানে রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাবিল মারা যায়।
তবে কি কারণে ছেলেকে হত্যা করলেন তার মা তা জানাতে পারেননি ছগির আহমেদ। তিনি বলেন, নাবিলের মায়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করতো। তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। মাঝে মাঝে তার স্মৃতিশক্তি লোপ পায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি হত্যাকাণ্ডের ঘটনাটি মা নাছরিন করেছেন। আমরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না। নাবিলের বাবার দাবি নাছরিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত নাবিলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই পাঠানো হয়েছে বলে তিনি বলেন।


