পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম সমাবেশে ‘নারায়ে তাকবির’ স্লোগানটি যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ব্যক্তিগত স্লোগান, দলের নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে বিএনপির নগর কার্যালয় নাসিমন ভবনে বিভাগীয় গণসমাবেশ-পরবর্তী সফলতা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্নে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেনও ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘এগুলো তার (হুম্মাম) ব্যক্তিগত বক্তব্য। এটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। এটা বিএনপির রাজনীতির অংশ নয়।’
এর আগে বুধবার বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিসহ নানা দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর পলোগ্রাউন্ড মাঠে। সেখানে বক্তব্য দিতে উঠে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রকাশ্যে ‘নারায়ে তাকবির’ স্লোগান দেন। এরপর তিনি আলোচিত হয়েছেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’–এটা আমার বাবার স্লোগান। তাই আবার দিলাম।’
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম গণমাধ্যমকে জানান, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেন। তাঁর ছেলেও একই পথে হাঁটছেন। মানুষ এখন এগুলো বোঝে। মানুষ এখন অনেক সচেতন। তাই তাঁরা সুবিধা করতে পারবেন না।’
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া আসন থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলে সালাউদ্দিন কাদেরও গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হন। বিচারে তার মৃত্যুদণ্ডের রায় হলে তা কার্যকর হয় ২০১৫ সালে।


