পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেনীতে নারী, কুমিল্লার দেবিদ্বার, চাঁদুপরের কচুয়া ও বান্দরবানে একজন করে, বগুড়ার দুপচাঁচিয়ায় মুদি ব্যবসায়ী, পাবনার চাটমোহরে শিশুসহ দুজন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রলি হেলপার, কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসাছাত্রী, টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধূ এবং গোপালগঞ্জে যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফেনী : ফেনী সদর উপজেলার নারায়ণপুরে পিকআপের ধাক্কায় নিহত ফিরোজা বেগম (৫০) নারায়ণপুর গ্রামের মৃত হোসেন আহম্মদের স্ত্রী ও গোবিন্দগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া রাস্তার মাথায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা : দেবিদ্বারে তিশা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত মাহবুব আলমের (২০) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরায়। দুর্ঘটনায় চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার বারেরা এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া : দুপচাঁচিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ইসাহাক আলী (৫৫) শারীরিক প্রতিবন্ধী ও মুদি ব্যবসায়ী। উপজেলার কাথহালী এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া (চাঁদপুর) : কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কের হাটমুড়ায় বৃহস্পতিবার দুপুরে বাস ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত কবির হোসেন উপজেলার বারৈয়ারা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে করিমন উল্টে নিহত বাবর আলী (৪০) নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। উপজেলা বিলচলন ইউনিয়নের চাঁদের মোড় এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে দাদার ভ্যানে প্রাণ গেছে নাতি সুমাইয়ার।
বান্দরবান : বান্দরবানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত শৈচাউ মারমা (৩০) কুহালং ইউনিয়নের বাসিন্দা কালচান মারমার ছেলে। তার বাড়ি কুহালং ইউনিয়নের থোয়াগ্যা পাড়ায় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে ট্রলি থেকে ছিটকে পড়ে নিহত হেলপার রাব্বি মিয়া (১৪) উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বরে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত বায়েজিদ ফকির (২২) উপজেলার বোড়াশী ইউনিয়নের চর পাথালিয়া গ্রামের এমদাদ ফকিরের ছেলে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী (কক্সবাজার) : মহেশখালীতে বৃহস্পতিবার দুপুরে সিএনজিচালিত টেক্সিচাপায় নিহত মাদ্রাসাশিক্ষার্থী তানজিনা আক্তার জুঁই (৯) উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মহিবুল্লার মেয়ে। আহত অপর ছাত্রীর নাম সিদরাতুল মোনতাহা (৮)। তারা দু’জনেই মাইজপাড়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যানজট লেগে যায়।
ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলের হরিপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকচাপায় নিহত বিথী দেবনাথ (৪০) আনেহলা ইউনিয়নের শাঙ্গাইলা পাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ৪০৬ সড়ক দুর্ঘটনা, নিহত ৫১৭


