নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের সূত্রপাতকারী ২ জনসহ গ্রেফতার ৩

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের সূত্রপাতকারী ২ জনসহ গ্রেফতার ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং এতে দুই জন নিহতের ঘটনায় দুই সূত্রপাতকারীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ মে) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলছে, শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে এ ঘটনার সূত্রপাত।

এক পর্যায়ে এ মারামারি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে।

সংঘর্ষে দুজন মারা যান। তাঁদের একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন, তবে অভিযোগ রয়েছে যে তিনি ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন। অপরজন নিউমার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। সংঘর্ষে আহত হন অর্ধশত ব্যক্তি।

সংঘর্ষের এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি, যেগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।

নাহিদকে হত্যার ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে ডিবি। তাঁরা হলেন মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বোগদাদী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *