নির্বাচনী সংঘাতে নৌকার ৮ কর্মী আহত

নির্বাচনী সংঘাতে নৌকার ৮ কর্মী আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণায় সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের হামলায় নৌকার প্রার্থীর ৮ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ইউনিয়নের তিয়শ্রী মোড় এলাকায় নৌকার প্রার্থী আজহারুল হক তুহিনের সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থী শফিকুল কাদের সুজার অনুসারীরা এ হামলা চালায়।

আহতদের মধ্যে তিনজনের বাড়ি আতকাপাড়া, একজনের বাড়ি লক্ষ্মীগঞ্জ ও বাকি ৪ জনের বাড়ি চকপাড়া গ্রামে।

এর মধ্যে বেলায়েত হোসেন নামে একজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর লক্ষ্মীগঞ্জ ইউপি নির্বাচনের ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাতে শেষ নির্বাচনী প্রচারণা ছিল। তুহিনের পক্ষে প্রচারণার কাজ শেষে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তার কর্মীরা। পথে সুজার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোটর সাইকেলগুলোর গতিরোধ করে হামলা চালায়।

“এ সময় হামলাকারীরা তুহিনের লোকজনকে এলোপাতারি কুপিয়ে জখম করে করে এবং সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয় বলে ওসি শাকের জানান।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *