পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ সরকার নষ্ট করছে মন্তব্য করে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই। এসব হামলার মাধ্যমে সরকার ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
ইসির সাথে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে ১৪ নভেম্বর বুধবার দুপুরে ইসিতে সাংবাদিকদের এ কথা বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলাবাহিনী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। তাই সরকারের কাছে ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।
এর আগে নির্বাচন পেছানোসহ কয়েকটি দাবি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বেলা তিনটার পর ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
এদিকে য়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সরকার দাবী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিনা উস্কানিতে মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের ওপর সরকার পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মী আহত করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে শান্ত হতে বলেছেন। আপনারা রাস্তা ছেড়ে ফুটপাতে বসে পড়ুন। এটা তারেক রহমানের নির্দেশ।
১৪ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের পরই তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেছেন।
প্রসঙ্গত, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে। সংঘর্ষ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।


