পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। কাজেই নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।
আজ ০৩ নভেম্বর শনিবার রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী ১৯৭৫ সালের কারাগারে বন্দী অবস্থায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে রোববার (৪ নভেম্বর)। নির্বাচন হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারিতে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ কথা বলেছিলেন। সিইসি বলেছিলেন, নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা ৪ নভেম্বর মিটিং করব। কমিশনের সদস্যরা একসঙ্গে বসব। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সিইসি এ কে এম নুরুল হুদা।
সেসময় নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছে বলে জানিয়েছেন কে এম নুরুল হুদা। নির্বাচনের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে সিইসি সাংবাদিকদের জানান। সংলাপের কারণে তফসিল পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না সে সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। কি করা হবে তা ৪ নভেম্বর কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তিনি বিভিন্ন দলের সঙ্গে সরকার ও আওয়ামী লীগের সংলাপকে স্বাগত জানান।
সব দলের কাছে নির্বাচন কমিশন আস্থা অর্জন করতে পেরেছে কি না, এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, তাঁরা আস্থা অর্জন করতে পেরেছেন। তবে নির্বাচন কমিশনের প্রতি সব দলের আস্থা আছে কি না সেটা তারা বলতে পারছেন না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে সব দল অংশ নেবেন।


