পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা নগর পরিবহনের বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
গাইবান্ধা উপনির্বাচনে কী কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রিজাইডিং কর্মকর্তাদের ভাষ্যমতে সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।”
তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির “মামার বাড়ির আবদার” উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাবে।”
বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে যা বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি।


