নিষেধাজ্ঞা থাকতেই নিলামে সাকিব

নিষেধাজ্ঞা থাকতেই নিলামে সাকিব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞাতেও বিন্দুমাত্র কমেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চাহিদা। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে উঠেছে বিশ্বসেরা এ অলরাউন্ডার নাম।

আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। যার নিলাম হবে ১ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা সাকিবের।

নিলামের জন্য বিদেশি ১৫০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সেখানে সাকিবের পাশাপাশি আছেন- ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরোর মতো তারকারা।

অংশ নিতে যাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটির স্কোয়াড হবে ১৯ সদস্যের। ১৩ স্থানীয় খেলোয়াড়ের পাশপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন ছয়জন। সবমিলিয়ে মোট ৩০ জন বিদেশি ও ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন এবারের আসরে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে এর মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে দেখা যেতে পারে সাকিবকে।

এর আগে গত অগাস্টে হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিযোগিতাটি পিছিয়ে গেছে তিন মাস। ১৪ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৬ ডিসেম্বর। তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় হবে ২৩ ম্যাচ।

করোনাভাইরাসের জন্য বিদেশি ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এই সময় ৭ দিনে কমিয়ে আনার সুপারিশ সরকারের কাছে করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *