নিয়ন্ত্রিত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

নিয়ন্ত্রিত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের দশম ম্যাচে এসে আবারও সুযোগ মিলল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানের। সুযোগটা যে তিনি হেলায় নষ্ট করেছেন, এমন নয়। বরং বোলিংয়ে বেশ উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কাজের কাজ হলো না। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না সাকিব। ম্যাচের এক বল বাকি থাকতে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

অথচ হায়দরাবাদের পুঁজিটা একেবারে ছোট ছিল না। ডেভিড ওর্য়ানার আর মনিশ পান্ডের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা। ওয়ার্নার ৪৫ বলে করেন ৫৭ রান। মনিশ পান্ডে ছিলেন রীতিমত ভয়ংকর। ৪৯ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ২০ বলে ২৬ রান আসে বিজয় শঙ্করের ব্যাট থেকে। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা চেন্নাইকে জয়ের পথে হাঁটিয়েছেন শেন ওয়াটসন দানবীয় এক ইনিংস খেলে। সেঞ্চুরি করারও সুযোগ ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। কিন্তু ৫৩ বলে ৯ চার আর ৬ ছক্কায় ৯৬ রান করে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফেরেন তিনি। তার আগে ২৪ বলে ৩৮ করে আউট হন সুরেশ রায়না।

ভুবনেশ্বর কুমার সাকিবের কোটা ১৩তম ওভারেই শেষ করে ফেলেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান দেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সাকিব নিয়ন্ত্রিত বোলিং করলে কি হবে, এদিন হায়দরাবাদকে ভুগিয়েছেন ভরসার আরেক নাম রশিদ খান। আফগান লেগস্পিনাার ৪ ওভারে ১ উইকেট তুলে নিতে খরচ করেন ৪৪ রান। এই জায়গাটাতেই পিছিয়ে পড়ে হায়দরাবাদ।

তারপরও ওয়াটসন ফেরার পর চেন্নাইকে বেশ চেপে ধরেছিলেন হায়দরাবাদের বোলাররা। শেষ ১৮ বলে মাত্র ১৬ রান দরকার ছিল চেন্নাইয়ের, শেষ ১২ বলে ১৩। কিন্তু সহজ জয়ের ওই পরিস্থিতিতেও স্বাগতিকদের খেলতে হয়েছে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত। ১৯তম ওভারে মাত্র ৪ রান দেন হায়দরাবাদ পেসার খলিল আহমেদ। শেষ ওভারে তাই চেন্নাইয়ের দরকার পড়ে ৯ রান।

কিন্তু খলিলের মতো আঁটোসাটো বোলিং করতে পারেননি সন্দ্বীপ শর্মা। ওভারের দ্বিতীয় বলেই তাকে ছক্কা মেরে দেন কেদর যাদব। ২৫ বলে ২১ রান করা আম্বাতি রাইডুকে চতুর্থ ডেলিভারিতে সন্দ্বীপ ফিরিয়ে দিলেও পরের বলে সিঙ্গেলস নিয়ে জয় তুলে দেন যাদব। ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *