নয়াবাজারে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নয়াবাজারে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে লালবাগ থানার নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, গ্রেফতাররা জব্দ করা প্রাইভেটকার দিয়ে কৌশলে দেশের সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪ হাজার ৩শ’ ১২ পিস ইয়াবা, ৪৬১ গ্রাম হেরোইন, ২৬ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা ও ১ গ্রাম ক্রিস্টাল আইস জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *