পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মরুভূমির পঙ্গপালের হানায় অতিষ্ঠ পাকিস্তানের পাঞ্জাবের একটি বৃহৎ অংশ। মাঠের পর মাঠ ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল। পঙ্গপালদের এ আক্রমণ দূর করতে দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার (৩১ জানুয়ারি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও চারটি প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে সিন্ধু প্রদেশেও আক্রমণ করেছে মরুভূমির পঙ্গপাল।
শুক্রবারের বৈঠকে অনুমোদিত হয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এর অধীনে পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠছে প্রয়োজন ৭৩০ কোটি রুপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান।
সমস্যা পিছু ছাড়ছে না ইমরান খান সরকারের। একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। অন্য কিছু নয়, এবার খোদ পঙ্গপালের হানায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে পাকিস্তানবাসীর, যা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তা–ই নয়, পঙ্গপালের এই প্রাদুর্ভাব রোধ করতে এবং শস্যের ক্ষতি রুখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইমরান খান।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল। ধ্বংস করে দেয় মাঠের ফসল। গাছের ফলও ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক কোটি রুপির ক্ষতির মুখে পড়ে দেশটি।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, ডন


